শ্রীপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২
গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন।
শনিবার শ্রীপুর পৌরসভার বেরাইদেরচালা (আনসার রোড) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ওসি দেলোয়ার বলেন, আনসার রোড এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাগামী ট্রাকটির হঠাৎ থেমে যায়। এসময় পেছনে থাকা দ্রুতগতির একটি পিকআপ ট্রাকে ধাক্কা দেয়।
“এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালকসহ সাতজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।”
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শরীফুল আলম রুবেল জানান, সাত জনের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
