বরিশালের পরিবেশ শান্ত: মাহবুব তালুকদার
বরিশালের নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্ত রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
একই সঙ্গে নির্বাচনের দিন পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের তিনদিন আগে শুক্রবার প্রতিদ্বন্দ্বী ছয় মেয়র প্রার্থীকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার, আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ওবায়দুর রহমান মাহবুব, বাসদের মনীষা চক্রবর্তী ও সিপিবির একে আজাদ।
সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান ইসি মাহবুব।
সভা শেষে বিএনপি প্রার্থী মজিবর রহমান অভিযোগ করেন, “উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, পরিস্থিতি ততই খারাপ হচ্ছে।”
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, উচ্চ আদালতের নির্দেশনার বিষয়টি তিনি গণমাধ্যমের সাহায্যে জানতে পেরেছেন। এ ব্যাপারে পুলিশ কমিশনার ও বিভাগীয় কমিশনারের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কাছে।
অভিযোগে তিনি বলেন, বিএনপির প্রার্থীর স্ত্রী নাসিমা সরোয়ার আওয়ামী লীগ প্রার্থীকে নিয়ে কটূক্তি করছেন। তার কর্মী সমর্থকরা নৌকা মার্কার প্রচারে বাধা দিচ্ছেন।
প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
