২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বিকাশের ২১ লাখ টাকাসহ আটক ২

ফরিদপুরে বিকাশের চুরি হওয়া ২১ লাখ টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 07:43 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

আটককৃতরা হলেন বিকাশকর্মী মো. মশিউর রহমান সুমন (২৫) ও তার আত্মীয় মো. আহাদ।

জেলার পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, সুমনকে বুধবার নীলফামারীর গুলমুণ্ডা থেকে আর পরে তার দেওয়া তথ্যমতে ঢাকা থেকে তার আত্মীয় আহাদকে আটক করা হয়।

গত ৮ জুলাই বিকাশকর্মী সুমন ফরিদপুর থেকে নিখোঁজ হন। পরে তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়।

সুমন নগরকান্দা থানার মধ্যজগদিয়া এলাকার সরোয়ার মিয়ার ছেলে। আর আহাদ সালথা উপজেলার বঙ্গরদিয়ার সিরাজ মোল্লার ছেলে।

ফরিদপুরের বিকাশ ডিলার টিএসআর ট্রেডিংয়ে মালিক অহিদুজ্জামান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৮ জুলাই সুমনকে ব্যাংকে পাঠানো হয় ২৩ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে আমাদের নগরকান্দা অফিসে জমা দেওয়ার জন্য।

“সুমন টাকা উত্তোলন করার পর তার আর কোনো খোঁজ পাই নাই। সন্দেহ হওয়ায় নগরকান্দা থানায় অর্থ আত্মসাতের একটি মামলা দায়ের করি।”

মামলার পর পুলিশ তাদের খোঁজে নামে।

পুলিশ সুপার বলেন, “তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সুমনের মোবাইল ফোন ট্র্যাক করা হয়। তার মোবাইল ফোনে একাধিক সিম ব্যবহার করা হয়েছে। সবগুলো ট্র্যাক করে তাকে ধরতে সক্ষম হই।

“আটকের সময় সুমনের কাছে ১০ লাখ আর আহাদের কাছে ১১ লাখ ৪০ হাজার টাকা পাওয়া গেছে। সুমনের কাছ থেকে ৭০ হাজার টাকা দামের একটি ল্যাপটপও উদ্ধার করা হয়েছে।”

টাকাসহ তাদের আদালতে হাজির করার পর বিচারকের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।