রংপুরে ট্রাকের ধাক্কায় ২ কলেজ শিক্ষার্থী নিহত
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার ভবানীপুর হাতিমপুরে মিঠাপুকুর-ফুলবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছেন।
নিহতরা হলেন রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে ফাহিম উদ্দিন (২২) ও একই উপজেলার হরিচরণ শর্মা গ্রামের শহীদুল ইসলামের মেয়ে রীতা আক্তার (১৮)।
ফাহিম কাউনিয়ার বেইলি ব্রিজ কৃষি ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শেষবর্ষের ছাত্র এবং রীতা আক্তার রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফাহিম ও রীতা দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
“ভবানীপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। সড়কের পাশে ছিটকে পড়ে দুজনই ঘটনাস্থলেই মারা যান।”
লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্থানীয়রা ট্রাকটিকে আটক করার পর পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান ওসি মোজাম্মেল।
