ওলামা লীগ নেতা ফেনসিডিলসহ গ্রেপ্তার
ওলামা লীগের এক কেন্দ্রীয় নেতা ও তার দুই সহযোগীকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের মেঘনা সেতুর টোলপ্লাজা সংলগ্ন আষাড়িয়ারচর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান।
গ্রেপ্তার মোশাররফ হোসেন নাঈম (৪৭) ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং রূপগঞ্জ উপজেলা কমিটির সভাপতি।
গ্রেপ্তার অপর দুজন হলেন জামাল হোসেন (৪০) ও রানা আহমেদ (২৭)।
ওসি মোরশেদ বলেন, সকালে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে থানার এসআই ফয়সাল হাওলাদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।
“এক পর্যায়ে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি সাদা রঙের প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ-১৫-৮৫৪২) গতিরোধ করে তল্লাশি চালিয়ে ওলামা লীগ নেতা মোশারফ হোসেনসহ তার দুই সহযোগী গাড়ির চালক ও আরেকজনকে ২৬ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।”
তাদের ব্যবহত প্রাইভেটকারটি আটক করা হয়েছে বলে জানান ওসি।
মোশাররফের রাজনৈতিক পরিচয়ও নিশ্চিত করেন ওসি।
মোশাররফ হোসেন নাঈম রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া গ্রামের মৃত আশ্রাফউল্লাহের ছেলে, জামাল হোসেন একই উপজেলার নওয়াপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে এবং রানা রূপগঞ্জের দড়িকান্দি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
সোনারগাঁও থানার এসআই ফয়সাল হাওলাদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
