বাগেরহাটে অস্ত্রসহ একজন আটক
বাগেরহাটের মংলা উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আটক মো.মজিবর রহমানের (৫৫) বাবার নাম তোফাজ উদ্দিন। তবে তার বাড়ি কোন এলাকায় তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
মংলা উপজেলার পশুর নদীর পিকনিক কর্নার ঘাট এলাকা থেকে সোমবার রাতে তাকে আটক করা হয় বলে র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর খান সজীবুল ইসলাম জানান।
তিনি বলেন, গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তাসহ মজিবরকে আটক করা হয়।
পরে ওই ব্যাগে তল্লাশি চালানো হলে পাঁচটি দেশে তৈরি পাইপগান, একটি লোহা কাটার মেশিন, চারটি লোহা কাটার ব্লেড, একটি ছোট কুঠার, একটি ছোট হাতুড়ি, পাঁচটি লোহার পাইপ, একটি ছুরি, একটি মোবাইল ফোন, দুটি সিম এবং নগদ এক হাজার ১২৫ টাকা পাওয়া যায়।
মেজর সজীবুলের বলেন, মজিবর ধীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি করে সুন্দরবনসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
উদ্ধারকৃত অস্ত্রসহ মজিবরকে মংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।
