সিরাজগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২
সিরাজগঞ্জ শহরে বাসের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন।
শহরের কোর্ট মসজিদের কাছে সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জেলা সদর থানার এসআই মোকাররম হোসেন জানান।
নিহতরা হলেন- শহরের মাছুমপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৮) ও তার শ্বশুর একই এলাকার শফিকুল ইসলাম (৪২)।
মামুন সিরাজগঞ্জের গ্রামীনফোনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানায়।
এসআই মোকাররম বলেন, মামুন ও শফিকুল হেঁটে নিউ মার্কেট থেকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় এসআই পরিবহনের একটি বাস এম এ মতিন টার্মিনালের দিকে যাচ্ছিল। বাসের সাইড বক্সের ডালা খোলা থাকায় তাতে ধাক্কা খেয়ে মামুন ও শফিকুল আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে এসআই জানান।
