টাকা-পয়সা কেড়ে নিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ায় যাত্রী নিহত
জয়পুরহাটে ছিনতাইকারীরা চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়ায় এক যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।
জেলার পাঁচবিবি থানার ওসি ফরিদ হোসেন জানান, বুধবার রাতে দরগাতলা এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত মুনির হোসেন পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে মমতাজের ছেলে।
আহত মোস্তাফিজ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চরকায় গ্রামের জুয়েল ইসলামের ছেলে। তাকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহত দুইজনই পোশাক শ্রমিক বলে পুলিশ জানিয়েছে।
ওসি ফরিদ মোস্তাফিজের বরাতে বলেন, তারা ট্রেনের ছাদে উঠে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা হয়েছিলেন। ট্রেনটি পাঁচবিবি উপজেলার দরগাতলা এলাকায় পৌঁছালে চার-পাঁচজন ছিনতাইকারী তাদের মারধর করে টাকা-পয়সা কেড়ে নেয়। তারপর ছাদ থেকে ফেলে দেয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুনির মারা যান। মোস্তাফিজকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মোস্তাফিজ আশঙ্কামুক্ত বলে জানান ওসি ফরিদ হোসেন।
