সাতক্ষীরায় ডাকাতির অভিযোগ
সাতক্ষীরা শহরের একটি বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
শহরের কাটিয়া সরকারপাড়ার বাসিন্দা লিটন হোসেন অভিযোগ করেন, মঙ্গবার ভোরে ছয়-সাতজনের একদল মুখোশধারী ডাকাত তার ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে।
লিটন সাতক্ষীরা নিউ মার্কেটের আল বারাকা জুয়েলার্সের ব্যবস্থাপক।
লিটনের অভিযোগ, ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাকে, তার মা, স্ত্রী ও শ্যালককে একটি ঘরে রশি দিয়ে হাত বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে দেয়।
“তারা আলমারি খুলে নগদ ৮০ হাজার টাকা ও সাত ভরি সোনার গয়না ও চারটি মোবাইল ফোনসেট নিয়ে যায়। ডাকাতরা যাওয়ার সময় কাপড় দিয়ে তাদের চোখ ঢেকে ঘরে তালা ঝুলিয়ে যায়।”
সকালে প্রতিবেশীরা গিয়ে তাদের উদ্ধার করে বলে তিনি জানান।
এ বিষয়ে সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মালপত্র উদ্ধারসহ ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ ইতোমধ্যেই মাঠে নেমেছে।
