২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে হনুমান দেখতে এলাকাবাসীর ভিড়

দিনাজপুরের একটি বাঁশঝাড়ে আশ্রয় নেওয়া হনুমান দেখতে পাঁচ দিন ধরে ভিড় জমাচ্ছে এলাকাবাসী।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2018, 04:16 PM

Updated : 11 Oct 2022, 12:30 PM

রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক আব্দুস সালাম তুহিন জানান, সদর উপজেলার আটোয়া গ্রামের লোকজন বৃহস্পতিবার সকালে হনুমানটি দেখতে পান।

“বিশালদেহী হনুমানটি পথ হারিয়ে ভারত থেকে এসে পড়েছে সীমান্তঘেঁষা ওই গ্রামে। এলাকাবাসী প্রথমে লাঠিসোঠা নিয়ে ধাওয়া করলেও পরে বন বিভাগের কর্মকর্তাদের অনুরোধে তারা তার যত্ন নিতে উদ্যোগী হয়।”

সেই থেকে পাঁচ দিন ধরে এলাকাবাসী দলে দলে হনুমান দেখতে ভিড় জমাচ্ছে বলে তিনি জানান।

ওই গ্রামের হাবিব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন গ্রামের লোকজনই তাকে নিরাপদে থাকা-খাওয়ার জন্য মাচাং করে দিয়েছে।

“সেখানে পানি, আম, কাঁঠাল, কলাসহ বিভিন্ন খাবার সরবরাহ করছে। প্রতিনিয়ত অসংখ্য উৎসুক মানুষের উপস্থিতির কারণে হনুমানটি নিচে নামছে না।”

তাকে উদ্ধার করে অভয়াশ্রমে নেওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বন কর্মকর্তা তুহিন।

বন বিভাগের পক্ষে তিনি হনুমানটির নজরদারিতে আছেন জানিয়ে বলেন, এলাকাবাসীকে বোঝানোর পর তারা তার যত্ন নিচ্ছেন। তার কোনো ক্ষতি হবে না বলে আশা করা যায়। পরে সুবিধামত সময়ে সে তার আশ্রয়স্থলে ফিরে যাবে বলে ধারণা করা হচ্ছে।