‘নির্যাতনেও স্বামীকে ছাড়তে চাননি, শেষে মালয়েশিয়ায় খুন’
দেশে নানা রকম অত্যাচার-নির্যাতনের পর পটুয়াখালীর এক নারীকে মালয়েশিয়া নিয়ে তার স্বামী খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।
পটুয়াখালী শহরের পুরাতন আদালতপাড়ার আনিস হাওলাদার অভিযোগ করেন, তার ছোট মেয়ে সাজেদা-ই-বুলবুলকে তার স্বামী শাহজাদা সাজু মালয়েশিয়া নিয়ে হত্যা করেছেন।
“গত ৫ জুলাই কুয়ালালামপুরের জালানিকো থানার একটি সেতুর কাছ থেকে সাজেদার ছয় টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে সাজেদার মেয়ে সাত বছরের সাজিয়া-তুজ-জোহরা-মুগ্ধ কোথায় আছে তাও জানি না আমরা।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি তার নাতিকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। আর জামাতা সাজুর বিচার দাবি করেছেন। এছাড়া তিনি তার মেয়ের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কাছে অনুরোধ জানিয়েছেন।
“আগে সাজু দীর্ঘদিন বিদেশে থাকলেও বিয়ের পরে দেশে শ্বশুরবাড়ি থাকতেন। মাঝেমধ্যেই স্ত্রীর মাধ্যমে শ্বশুরের কাছ থেকে টাকা নিতেন। পরে সাজেদা এলএলবি পড়ার জন্য স্বামী সাজুকে নিয়ে ঢাকার মিরপুরে একটি ভাড়া বাসায় থাকতেন। পড়াশোনার খরচ দিতেন আমার বাবা। কিন্তু সাজু আামার বোনের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতে শুরু করেন। আত্মীয়-স্বজনের উপস্থিতিতেই সাজু একদিন সাজেদার মাথা ফাটিয়ে দেন। এ ঘটনায় সাজু ও তার মায়ের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন সাজেদা। কিন্তু পরে সাজুর অনরোধে মিটমাট হয়। তারপর আবারও নির্যাতন করেন সাজু।”
২০১৩ সালে এলএলবি পাস করে সাজেদা ঢাকা জজ কোর্টে এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ শুরু করেন জানিয়ে বোন উপমা বলেন, ২০১৬ সালে সাজেদাকে উচ্চশিক্ষার কথা বলে মালয়েশিয়ায় নিয়ে যান সাজু।
“সেখানেও নির্যাতন করতেন সাজু। দিনের পর দিন সাজু আমার বোনকে ঠিকমত খেতে পর্যন্ত দেননি। অবশেষে বোন সাজেদা মালয়েশিয়ায় আমাদের এক আত্মীয়ের বাসায় গিয়ে আশ্রয় নেয়। পরে সেখানে গিয়ে ওখানকার বাঙালি কমিউনিটির নেতাদের নিয়ে মুচলেকা দিয়ে সাজেদাকে বাসায় নিয়ে যান সাজু। খবর পেয়ে আমরা সাজেদাকে টাকা পাঠানোর প্রস্তুতি নিয়েছিলাম। এরই মধ্যে সাজু আমার বোনকে মেরে ফেলল। আমরা এর বিচার চাই। আমার বোনের লাশ দেশে ফিরিয়ে আনতে চাই।”
মালয়েশিয়ায় বাঙালি কমিউনিটির সহায়তায় পুলিশ সাজেদার লাশ শনাক্ত করেছে জানিয়ে উপমা বলেন, “ঘটনার পর থেকে সাজু কুয়ালালামপুরে আর বাংলাদেশে তার পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছে বলে শুনেছি।
“সাজুকে মালয়েশিয়ার পুলিশ খুঁজছে বলে জেনেছি। তাকে পাওয়া যাচ্ছে না। তবে তার ফেইসবুক আইডি এখনও ব্যবহৃত হচ্ছে।”
সাজেদা ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট বলে জানান উপমা।
