মাতামুহুরী নদীতে ডুবে ৩ ছাত্রের মৃত্যু, নিখোঁজ দুই
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে স্থানীয় একটি স্কুলের তিন ছাত্রের মৃত্যু হয়েছে; নিখোঁজ হয়েছে দুইজন।
শনিবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী সেতু সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।
মৃত ও নিখোঁজ সবাই মাতামুহুরী নদী সংলগ্ন চকরিয়া গ্রামার স্কুলের ছাত্র।
স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের বরাত দিয়ে ওসি বখতিয়ার বলেন, পরীক্ষা শেষে চকরিয়া গ্রামার স্কুলের কিছু শিক্ষার্থী স্কুলের পাশে ফুটবল খেলে। বিকাল ৫টার দিকে এদের মধ্যে ছয়জন খেলার মাঠের পার্শ্ববতী মাতামুহুরী নদীতে গোসলে নামে।
"এদের মধ্যে একজন কূলে উঠতে সক্ষম হলেও নদীর স্রোতে ভেসে যায় পাঁচজন। পরে চকরিয়া ফায়ার সার্ভিসকর্মীরা তিনজনের লাশ উদ্ধার করেন।”
বাকি নিখোঁজদের সন্ধানে তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানান ওসি বখতিয়ার।
