গোপালগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩ নারী
নতুন কেনা পিকআপ নিয়ে গোপালগঞ্জ থেকে খান জাহান আলী মাজারে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বউ-শাশুড়িসহ তিন নারী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাশিয়ানীর পিঙ্গলিয়া গ্রামের মৃত বাচ্চু মোল্লার স্ত্রী হাসুরা বেগম (৫৫) ও তার পুত্রবধূ পলি বেগম (৩৫) এবং একই গ্রামের জিন্নাত মোল্লার স্ত্রী আসমা বেগম (৫৫)।
আহতদের মধ্যে দুইজনকে গোপালগঞ্জে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পঠোনো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কাশিয়ানীর রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আমিনুর রহমান বলেন, পিঙ্গলিয়া গ্রামের মৃত বাচ্চু মোল্লার ছেলে রবিউল মোল্লা একটি পিকআপ ক্রয় করেন। ওই পিকআপে করে বাড়ি থেকে রবিউল তার মা, স্ত্রীসহ ২০ জনকে নিয়ে শুক্রবার বিকালে বাগেরহাটের উদ্দেশে রওনা হন।
“তাদের পিকআপটি গোপালপুর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিঁয়াজভরতি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আসমা ও পলি নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান হাসুরা বেগম।”
দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ রাস্তা থেকে অপসারণ করা হয়েছে বলে জানান তিনি।
