বোনের বিয়ের তদারকিতে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
গাজীপুরে বোনের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতির সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছোট ভাইয়ে মৃত্যু হয়েছে।
শ্রীপুর পৌর এলাকায় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শামসুল আলম (২৪) শ্রীপুর পৌরসভার শ্রীপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং স্থানীয় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রহমত আলীর নাতি।
তিনি শ্রীপুরের বরমী কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষার্থী ছিলেন। শনিবার তার মৌখিক পরীক্ষার দিন ছিল।
শামসুলের চাচা কফিল উদ্দিন জানান, শুক্রবার শামসুল আলমের বড় বোন কলেজশিক্ষক মোসা. শাহনাজ ওরফে রত্নার বিয়ের দিন ঠিক করা ছিল। কয়েকদিন আগে থেকে তাদের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল।
“বৃহস্পতিবার রাতে কাজের তদারকি করতে গিয়ে নির্মাণাধীন প্যান্ডেলের নিচে কনের স্টেজের কাছে স্থাপন করা ফ্যানে সংযোগ করা তারে বিদ্যুৎস্পৃষ্ট হন শামসুল। স্বজনরা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুন নবী আকন্দ বলেন, শামসুলের বড় বোন মোসা. শাহনাজ ওরফে রত্না তার কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক।
