২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে মাদকবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা আটক

নীলফামারীতে মাদক বিরোধী অভিযানে এক জেলা ছাত্রলীগ নেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2018, 09:58 PM

Updated : 19 Aug 2022, 02:18 PM

মঙ্গলবার রাতে  নীলফামারী পৌর শহরে একটি ছাত্রাবাস ও বড় বাজার সড়কে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারী থানার এসআই হারিছুল ইসলাম সুজন জানান, গোপন  সংবাদ পেয়ে  মঙ্গলবার রাতে পৌর শহরের উকিলের মোড় ঈদগাঁ মাঠ সংলগ্ন আশা ছাত্রাবাসে পুলিশ অভিযান চালায়।

এ সময় ওই ছাত্রাবাসে ইয়াবা ট্যাবলেট সেবনকালে পৌর শহরের হাড়োয়া কলেজ স্টেশন এলাকার মোস্তাকুর রহমান (৩৮), উকেলের মোড় মহল্লার ইশতিয়াক আহমেদ বিদ্যুৎ (৩২), সওদাগর পাড়ার তারিফ হোসেন (৩০) এবং জেলা ছাত্রলীগ সহ-সভাপতি হোসেন শামীম রেজাকে (২৫) আটক করা হয় বলে তিনি জানান।

“পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১৬টি ইয়াবা ট্যাবলট উদ্ধার করা হয়। তারা প্রত্যেকে মাদকসেবী।”

এসআই হারিছুল বলেন, একই রাতে পুরাতন পুলিশ লাইন এলাকায় ইয়াবা কেনা-বেচার সময় এক বিক্রেতা ও পাঁচ সেবনকারীকেও আটক করা হয়।

এর মধ্যে পুরাতন পুলিশ লাইন এলাকার দোলন চন্দ্রের ছেলে গৌরব চন্দ্র (২৫) মাদক বিক্রেতা। তার কাছে ৫০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে এসআই হারিছুল জানান।

গ্রেপ্তার অন্যরা হলেন কবরস্থান মোড়  এলাকার নেহাল (২২), বাড়াইপাড়া মহল্লার মানিক মিয়া (৩৮), সবুজপাড়া মহল্লার আতিকুল ইসলাম বাঁধন (২৯), গহর আলকিস এ্যাপোলো (৩০) ও নীলফামারী পিটিআই সুপার কার্যালয়ের ক্লার্ক  জালাল উদ্দিন (৪২)।

এরা সবাই ইয়াবা সেবনকারী বলছে পুলিশ।

নীলফামারী থানার ওসি বাবুল আকতার জানান, পৃথক দুটি অভিযানে আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করার পর বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।