২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিটন হত্যা: সালথা উপজেলা চেয়ারম্যান কারাগারে

ফরিদপুরে ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন আলম হত্যা মামলায় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানসহ ৩০ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2018, 03:24 PM

Updated : 11 Oct 2022, 12:29 PM

বুধবার ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.হেলালউদ্দিন এ আদেশ দেন।

নিহত লিটন আলম (৩২) সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের আব্দুল আলি মাতুব্বর ছেলে। তিনি একজন পল্লি চিকিৎসক ছিলেন।

মমলার বিবরণে বলা হয়, ২০০৮ সালের ২১ মার্চ সকাল ৯টার দিকে ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হন লিটন। পথে লিটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন লিটনের ভাই শাহ আলম বাদী হয়ে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে সালথা থানার ওসি উত্তম কুমার সাহা ২০০৮ সালের ২৮ সেপ্টেম্বর ওয়াহিদুজ্জামানসহ ৩৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দেন। তাদের মধ্যে একজন ইতোমধ্যে মারা গেছেন এবং দুইজন আদালত থেকে জামিনে পলাতক রয়েছেন। বাকিরাও জামিনে ছিলেন।  

বাদী পক্ষের আইনজীবী সানোয়ার হোসেন জানান, বুধবার রায় ঘোষণার নিধারিত তারিখে ওয়াহিদুজ্জামানসহ আসামিরা আদালতে হাজির হন। এ সময় আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে বিচারক আগামী সোমবার এ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন বলে সানোয়ার জানান।