কাশিমপুর কারাগার থেকে মুক্ত জামায়াত আমির
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান বলে কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিক জানান।
প্রশান্ত কুমার বলেন, উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের কাগজ-পত্র সোমবার বিকালে কারাগারে পৌঁছে। পরে যাচাই-বাছাই শেষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুক্তি দেওয়া হয়েছে।
“তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টির মতো বিভিন্ন মামলা রয়েছে। সর্বশেষ ঢাকার মতিঝিল ও পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।”
গত বছর গ্রেপ্তারের পর ২৬ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তরিত করা হয়।
২০১৭ সালের ৯ অক্টোবর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মকবুল আহমাদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার এবং সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ নয় নেতাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
