পাবনায় যুবককে ধরে নিয়ে শ্বাসরোধে হত্যা
পাবনার সাঁথিয়া উপজেলায় এক যুবককে ধরে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে; যিনি চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের মাছিয়াঘাটা বিল থেকে গলায় গামছা পেঁচানো লাশটি উদ্ধার করা হয় বলে আতাইকুলা থানার ওসি মাসুদ রানা জানান।
নিহত আব্দুল মমিন (২৬) উপজেলার বিলসলঙ্গী গ্রামের মৃত জানে আলম জানুর ছেলে।
তিনি চরমপন্থী দলের সক্রিয় সদস্য। তার বাবার জানে আলমও চরমপন্থী দলের সদস্য ছিলেন এবং তাকেও সন্ত্রাসীরা খুন করে বলে জানান ওসি।
ওসি বলেন, মমিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি বাড়িতে আসেন। চাচাত ভাইকে নিয়ে সোমবার সন্ধ্যায় মাছিয়াঘাটা বিল এলাকায় নিজের জমি দেখতে যান। এ সময় একদল সন্ত্রাসী তাকে ধরে নিয়ে যায়।
“পরে চাচাত ভাই কৌশলে পালিয়ে বাড়ি এসে ঘটনা পরিবারকে জানালে তারা মমিনকে খোঁজাখুঁজি করতে থাকে। না পেয়ে মঙ্গলবার সকালে বিষয়টি তারা পুলিশকে জানায়।”
পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে মাছিয়াঘাটা বিলের পানির মধ্যে তার মরদেহ পাওয়া যায়। উদ্ধারের সময় তার দুই হাত পেছনে বাঁধা ও গলায় গামছা পেঁচানো ছিল বলে জানান তিনি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ উদঘাটন সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে।
