২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুলিশ পরিদর্শকের পোড়া লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর গাজীপুর থেকে এক পুলিশ পরিদর্শকের বস্তাবন্দি পোড়া লাশ উদ্ধার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 06:19 PM

Updated : 08 Apr 2022, 06:40 PM

জেলার কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, মঙ্গলবার দুপুরে রায়েরদিয়া এলাকায় রাস্তার পাশের জঙ্গল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত মামুন ইমরান খান (৩৪) ঢাকায় এসবি স্কুল অব ইনটেলিজেন্সে পরিদর্শক পদে দায়িত্বে ছিলেন। ঢাকার নাবাবগঞ্জের মো. আজাহার আলীর ছেলে তিনি।

পঙ্কজ দত্ত বলেন, “গত ৮ জুলাই মামুন তার মধ্যবাসাবোর বাসা থেকে বনানী এলাকায় পারিবারিক অনুষ্ঠানে যান। এরপর একটি চক্র তাকে নারীসংক্রান্ত ঘটনায় জড়ানোর চেষ্টা করে। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।”

এলাকাবাসী বস্তার ভেতর থেকে বের হওয়া পা দেখে উলুখোলা পুলিশ ফাঁড়িতে খবর দেয় জানিয়ে পঙ্কজ বলেন, কালীগঞ্জ থানার ওসি মো. আবুবকর মিয়ার উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়।

“আগুনে পুড়িয়ে তার চেহারা বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে চক্রটি নিজেদের রক্ষা করতে মামুনের পুলিশ পরিচয় পাওয়ার পর তার পরিচয় নিশ্চিহ্ন করতে পুড়িয়ে হত্যা করেছে। পুলিশের ধারণা কোনো পেশাদার খুনি এ ঘটনা ঘটিয়েছে।”

মামুনের এক বন্ধু প্রাথমিকভাবে লাশ শানাক্ত করেন জানিয়ে পঙ্কজ বলেন, ওই বন্ধু পুলিশকে অনেক তথ্য দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যেতে পারে।

মামুন ২০০৫ সালে পুলিশে যোগ দেন বলে তিনি জানান।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সবুরসহ ঢাকার স্পেশাল ব্রাঞ্চের পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে উলুখোলা পুলিশ ফাঁড়ির এসআই মো. গোলাম মাওলা জানিয়েছেন।