ফরিদপুরে পুকুরে ডুবে ২ শিশু নিহত
ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলা মহল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
তারা হল ওই মহল্লার মুদি দোকানি জাকির মৃধার ছেলে শাফায়েত (৫) ও লোকমান মৃধার মেয়ে তাবাসুন রেশমা (৭)।
ফরিদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজুর রহমান মামুন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, দুই শিশু বাড়ির পাশে সালাম মৃধার পুকুরপাড়ে খেলাধুলা করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। তারা দুজন বাড়ির দিকে দৌড় দিলে পা পিছলে পুকুরে পড়ে। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারে নামলেও তাদের আর বাঁচানো যায়নি। তারা তাদের ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানিয়েছেন কাউন্সিলর মাহফুজুর রহমান।
