২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় পড়ে ‘নিখোঁজ’ ৩ ট্রলারযাত্রী

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারের ছাদ থেকে পড়ে তিন যাত্রী নিখোঁজ হওয়ার কথা বলেছেন তাদের স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2018, 10:48 PM

Updated : 19 Aug 2022, 02:17 PM

শীতলক্ষ্যার সেন্ট্রাল খেয়াঘাটে রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ওসি নেওয়াজ উদ্দিন আহমেদ জানান, সোমবার সকালে কয়েকজনের যাত্রীর স্বজনরা নিখোঁজের কথা জানালে নদীতে তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ।

বন্দর উপজেলার মদনগঞ্জ ইসলামপুরের রমিজ উদ্দিনের ছেলে ইমন (১৮), একই এলাকার কানাই মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৩৫) ও ওসমান গণি (৩৪) নিখোঁজ রয়েছেন বলে তাদের স্বজনদের বরাতে পুলিশ জানিয়েছে।  

তবে ওসমান গণির বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি নেওয়াজ বলেন, রোববার রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর সেন্ট্রাল খেয়াঘাট এলাকা থেকে একটি ট্রলার ছাদে প্রায় ৬০ থেকে ৭০ জন যাত্রী নিয়ে মদনগঞ্জ ঘাটের উদ্দেশে রওনা দেয়।

“অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলারটি ছাড়ার সঙ্গে সঙ্গে কাত হয়ে যায়। এ সময় ট্রলারের ছাদ ভেঙ্গে যায় এবং কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়।”

খবর পেয়ে রাতেই পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন; কিন্তু রাতে কেউ নিখোঁজ হয়েছে এমন দাবি করায় ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান স্থগিত করে বলে জানান নেওয়াজ।

তিনি আরও জানান, সোমবার সকালে তিন যাত্রী নিখোঁজ রয়েছে স্বজনরা এমন দাবি করলে পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে।

নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ওসি নেওয়াজ উদ্দিন আহমেদ আরও জানান, তিনজন নিখোঁজ রয়েছে দাবি করে নিখোঁজদের স্বজনরা দাবি করছে। দুজনের ঠিকানা বিস্তারিত পাওয়া গেছে।

“রোববার রাত ২টা পর্যন্ত ফায়ার সার্ভির্সের ডুবুরিরা নিখোঁজদের সন্ধানে শীতলক্ষ্যা নদীতে তল্লাশি চালিয়েছে। সোমবার সকাল ৭টা থেকে আবার পুলিশ ও  ফায়ার সার্ভিসে ডুবুরি নদীতে নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করে এবং তা অব্যাহত রেখেছে।”

নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক হাসানুল আলম বলেন, খবর পেয়ে রাত থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোজঁ কারো সন্ধান মেলেনি।

কাত হয়ে ভেঙ্গে পড়া ট্রলারের ছাদটি উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

‘নিখোঁজ’ দ্বীন ইসলামের স্ত্রীর ভাই মো. রাসেল বলেন, রোববার রাতে দ্বীন ইসলামের এক বন্ধু বাসায় এসে জানতে চান দ্বীন ইসলাম বাসায় এসেছেন কিনা। তখন ওই বন্ধু জানান যে রাতে ট্রালারের ছাদ থেকে পড়ে শীতলক্ষ্যা নদীতে কয়েকজন নিখোঁজ হয়েছেন।

“এ খবর শুনে এবং রাতে দ্বীন ইসলাম বাসায় না ফেরায় সকাল খোঁজ করতে এসেছি। বিষয়টি পুলিশকে অবহিত করেছি।”