২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মজুরি ‘হ্রাসে’ বিক্ষুব্ধ শ্রমিক

মজুরি হ্রাসের অভিযোগ তুলে গাজীপুরে একটি সোয়েটার কারখানার শ্রমিকরা কয়েকঘণ্টা কর্মবিরতি করেছেন।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2018, 09:19 PM

Updated : 19 Aug 2022, 02:17 PM

সোমবার সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড়ে ‘রোজ সুয়েটার লিমিটেড’-এর ইউনিট-২ এর শ্রমিকরা সকালে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেন।

দুপুরে শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  

কারখানার শ্রমিক রিপনের অভিযোগ, তাদের কারখানার নিটিং ও লিংকিংসহ কয়েকটি শাখার শ্রমিকরা সোয়েটারের উৎপাদনের উপর ভিত্তি করে বেতন পান।

“দুই মাস আগে মালের উৎপাদন দর যা ছিল বর্তমানে তার অর্ধেক দেওয়া হচ্ছে। আমরা বেতন পাচ্ছি প্রায় অর্ধেক।”

তিনি বলেন, আগে প্রডাকশন বোনাস শতকরা ২০ টাকার স্থলে শতকরা ১২/১৫ টাকা করা হয়েছে; হাজিরা বোনাস ৫ টাকার স্থলে অর্ধেকে নামিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন হাজিরা দেওয়া হয় তিনশ টাকা।

“এছাড়া গত মাস থেকে প্রতিদিন বিকাল ৫টার পর থেকে অতিরিক্ত দুইঘণ্টা করে কাজ করতে হচ্ছে। অথচ সে ক্ষেত্রেও আমাদের ঠকানো হচ্ছে। আগের চেয়ে প্রতিদিন বেশি সময় ও বেশি সংখ্যক মাল উৎপাদন করেও শ্রমিকরা বেতন আগের চেয়ে কম পাচ্ছেন।”

রিপন বলেন, শ্রমিকরা দৈনিক হাজিরা বৃদ্ধিসহ অন্যন্য ভাতাদি বাড়ানোর দাবি জানিয়েছেন। ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে বেতন উত্তোলন করতে হয়।

“রোববার জুন মাসের বেতন ব্যাংকে পাঠালেও সবাই বেতন উত্তলনের কার্ড পাননি। যারা কার্ড পয়েছেন তারা বেতন তুলতে গিয়ে কম টাকা পেয়েছেন। এ নিয়ে শ্রমিকরা সকাল ৯টা থেকে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেন।”

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত সুপার নুর আলম বলেন, কারখানার শ্রমিকরা মালের পিস রেট বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করে। পরে পুলিশ ও মালিকপক্ষ কারখানায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এরপর কারখানায় ছুটি দেওয়া হয় বলে শ্রমিকরা জানান।

এ ব্যাপারে কারখানার প্রশাসনিক কর্মকর্তা শেখ নাঈম ফজলে বলেন, শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের কিছু বিষয়ে ভুল বোঝাবুঝির কারণে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পরে তাদের সঙ্গে আলোচনার পর সমস্যার সমাধান করা হয়।

“তাদের ওভারটাইমের রেট শিটে তুলে ওই তথ্য ব্যাংকে পাঠানো হয়েছে। এখন তাদের টাকা তুলতে আর সমস্যা হবে না।”

তিনি বলেন, ওভারটাইমের এই বিষয়টি এখনও সম্পূর্ণ না হওয়ায় তারা বুঝতে পারছে না। শেষ হয়ে গেলে বোঝা যাবে।