গাজীপুরে চলন্ত ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১
গাজীপুর সদর উপজেলায় চলন্ত ট্রাককে একটি বাস পেছন থেকে ধাক্কা দেওয়ার পর এর এক যাত্রী ছিটকে পড়ে নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ২০ জন।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, উপজেলার মেম্বারবাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রোববার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপনের বাড়ি ময়মনসিংহের ভালুকা থানায় বলে পুলিশ জানিয়েছে।
ওসি দেলোয়ার বলেন, ট্রাক ও বাসটি ঢাকা থেকে নেত্রকোণা যাচ্ছিল। এ সময় বাস চালক ট্রাকটিকে পাশ কাটাতে গেলে ধাক্কা লেগে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
“এতে বাসের এক যাত্রী ছিটকে নিচে পড়ে গিয়ে যায়। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ”
লাশ মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
