২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আরেকজনের মৃত্যু

মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুপক্ষের সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2018, 05:46 PM

Updated : 11 Oct 2022, 12:28 PM

পুরনো খবর:

আড়াইহাজারে মাছ ধরা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হসপাতালে চিকিৎসাধীন  অবস্থায় রোজিনা বেগমের (৩৮) মৃত্যু হয়। রোজিনা বেগম মধ্যারচর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

এ নিয়ে গত শনিবার সন্ধ্যায় উপজেলার দুর্গম নদীবেষ্টিত কালাপাহাড়িয়া মধ্যারচর গ্রামে ওই সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হলো।

এদিকে ঘটনার দিন নিহত সুজনের ভাই রবি মিয়া বাদী হয়ে বাবুল, কবির, হযরত আলীসহ ৩১ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় কালাপাহাড়িয়া মধ্যারচর এলাকায় মাছ ধরা নিয়ে ওই এলাকার মো. সুজনের সঙ্গে একই এলাকার হযরত আলীর কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে হযরত আলী ও তার ছেলে স্বপন, কবির, বাবুল ও জজ মিয়ার লোকজন ধারালো অস্ত্র নিয়ে মো. সুজনের ওপর হামলা চালায়। এরপর দুপক্ষ ধারালো অস্ত্র টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, সংঘর্ষে মো. সুজন নিহত হন এবং সুজনের ভাই বাবুল, শফিকুল, হাসান, চাচা স্থানীয় মেম্বার লিটন, আছমা, রোজিনা, হযরত আলী, আবুল হাসানসহ অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় রোজিনা আক্তার (৩৮), হযরত আলী (৬৫) ও আছমা আক্তারকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে রোজিনা বেগমের মৃত্যু হয় বলে ওসি জানান।

এ ঘটনায় কালাপাহাড়িয়ার মধ্যারচর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। যেকোনো সময় দুপক্ষের মধ্যে আবার সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।

আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সুজন হত্যার ঘটনায় মামলা হয়েছে।