২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক ছিনতাইয়ে ‘বিআরটিএ কর্মচারীর যোগসাজশ’

সারাদেশে ট্রাক ছিনতাই সিন্ডিকেটের কথিত হোতাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2018, 11:45 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

তার দেওয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা থেকে পুলিশ ছিনতাই হওয়া পাঁচটি ট্রাক উদ্ধার করেছে।

বিআরটিএ-এর কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এ ছিনতাইকারীরা ট্রাকগুলোর নম্বর পরিবর্তন করে বিক্রি করে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

শুক্রবার রাজশাহী পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহিদুল্লাহ।

গত বুধবার (৪ জুলাই) চট্টগ্রাম সমুদ্র সৈকত থেকে মনিরকে গ্রেপ্তার করা হয় বলে এসপি শহিদুল্লাহ জানান।

মনিরের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার আদর্শপাড়ায়।

এসপি জানান, একটি ট্রাক ছিনতাইয়ের তদন্ত করতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশ গত ৬ জুন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে রাজবাড়ির আহাদ নামের একজনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে সুজন ও আরিফ নামের আরও দুইজনকে আটক করা হয়।

“এরপর পুলিশ সারাদেশে ট্রাক চুরির হোতা মনিরকে শনাক্ত করে।”

এসপি বলেন, মনিরকে গ্রেপ্তারের পর পুলিশ জানতে পারে সারাদেশ থেকে ট্রাক চুরির পর বিআরটিএ-এর এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ট্রাকের নম্বর পরিবর্তন করে জাল কাগজপত্র তৈরি করা হয়।

“একটি সিন্ডিকেটের মাধ্যমে পরে তা বিক্রি করে দেওয়া হয়।”

সংবাদ সম্মেলনে এসপি মোহাম্মদ শহিদুল্লাহ আরও বলেন, মনিরকে জিজ্ঞাসাবাদে সারাদেশ থেকে প্রায় ৮০টির মতো ট্রাক ছিনতাইয়ের তথ্য পেয়েছে পুলিশ। বর্তমানে এসব ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে।