২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে শিশুকে নিয়ে দাদি ও বাবার টানাটানি

ফরিদপুর থেকে আড়াই বছরের নাতিকে সবার অগোচরে নিয়ে যাওয়ার পর এক দাদি বলছেন, ‘উপযুক্তভাবে মানুষ করার জন্য’ তিনি তাকে ঢাকায় নিজের কাছে নিয়ে গেছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2018, 07:22 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

দাদি সালেহা বেগম (৬৫) ফরিদপুর জেলা শহরের হাবেলি গোপালপুর মহল্লার তোজাম্মেল হোসেনের স্ত্রী।

নাতি আবরারকে নিয়ে সালেহা ঢাকায় তার মেয়ের বাসায় আছেন বলে তিনি জানান।

সালেহা বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে বলেন, “আমার ছেলে সাজ্জাদ হোসেন নিজে তার জীবনটা নষ্ট করেছে। এখন আমার নাতিটাকেও ধ্বংস করছে। এজন্য নাতিকে আমার কাছে নিয়ে এসেছি। তাকে আমি আমার কাছে রেখে পড়ালেখা শিখিয়ে উপযুক্তভাবে মানুষের মত মানুষ করে তুলব।

“তাছাড়া বাচ্চাটি অ্যালার্জিতে ভুগছে। কিন্তু তার কোনো চিকিৎসা না করিয়ে তার মা-বাবা তাকে ঘরে ফেলে রেখেছে। তাকে ওরা মেরে ফেলবে। তাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করতে হবে।”

তবে ছেলে সাজ্জাদ মায়ের এই অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “আমি বাচ্চার চিকিৎসা করাচ্ছিলাম। চিকিৎসার সব কাগজপত্র রয়েছে আমার কাছে। মা ও বোনের স্বেচ্ছাচারিতায় আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। ঢাকায় আমার বোনের বাড়িতে নিয়মিত ঝগড়াঝাঁটি হয়।”

তিনি তার ছেলেকে ফেরত চান বলে জানান।

এ বিষয়ে সাজ্জাদের স্ত্রী লুবনা ইয়াসমিন তার শাশুড়ি সালেহার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “আমার ননদের ছেলেসন্তান নাই। ননদের কোলে তুলে দিতেই আমার ছেলেকে চুরি করে নিয়ে গেছেন তিনি।

“শাশুড়ি ঢাকায় তার মেয়ের বাড়ি থাকেন। সোমবার ফরিদপুর এসে রাতে আমার ছেলেকে নিয়ে শুয়ে ছিলেন। সকালে দেখি উনি নেই। আমার ছেলেও নেই। এরপর ফোন করলে শাশুড়ি বলেন, আবরারকে নিয়ে তিনি ঢাকায় রওনা হয়ে গেছেন। এখন তিনি ঢাকায় সিদ্ধেশ্বরীতে মেয়ের বাসায় আছেন।”

লুবনা ফরিদপুর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার রাতে লিখিত অভিযোগ দিয়েছেন।

থানার ওসি এএফএম নাসিম বলেন, “এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”