ধামরাই ও সাভারে সড়কে নিহত ৩
ঢাকার আমিনবাজারে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল-আরোহী আর ধামরাইয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন।
নিহত মোটরসাইকেল-আরোহীরা হলেন শফিকুল ইসলাম ও সুজাত মিয়া। তাদের বাড়ি পাবনা। নিহত ট্রাকচালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির বলেন, ব্যবসায়িক কাজ শেষে শুক্রবার সকালে ঢাকা থেকে মোটরসাইকেলে করে পাবনায় বাড়ি ফিরছিলেন শফিকুল ও সুজাত।
“আমিনবাজার ট্রাকস্ট্যান্ড এলাকায় পেছন থেকে ইন্টারসিটি পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। ছিটকে পড়ার পর বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের নিচে ঘটনাস্থলেই তারা নিহত হন।”
পুলিশ বাসটি আটকের পর চালক ও সহকারীকেও আটকের চেষ্টা করছে বলে তিনি জানান।
এছাড়া ঢাকার ধামরাই উপজেলার জয়পুরা এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অজ্ঞাতপরিচয় চালক নিহত হয়েছেন বলে ধামরাই থানার ওসি রেজাউল হক জানিয়েছেন।
