২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় হাসপাতালে রোগীর মৃত্যু, কর্তৃপক্ষের পলায়ন

ঢাকার আশুলিয়ায় বেসরকারি মমতাজ উদ্দিন হাসপাতালে ‘টনসিলের অপারেশনের সময়’ এক রোগীর মৃত্যুর পর উত্তেজনার মধ্যে চিকিৎসক, নার্সসহ সবাই পালিয়ে গেছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2018, 01:23 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

নিহত লাইলী বেগম (৩৩) তিন সন্তানের মা। আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়ার মুদি দোকানি আবুল কাশেমের স্ত্রী তিনি।

আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল বলেন, বৃহস্পতিবার রাতে অপারেশনের সময় রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

নিহত লাইলীর স্বামী আবুল কাশেম অভিযোগ করেছেন, “মমতাজ উদ্দিন হাসপাতালে কর্মরত নাক, কান ও গলা রোগ বিশেষঞ্জ মোদ্দাচ্ছির মাহমুদের কাছে গেলে তিনি টনসিলে ইনফেকশন হয়ে গেছে জানিয়ে দ্রুত অপারেশন করতে বলেন।

“সন্ধ্যায় অপারেশন শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পরও রোগীকে বের না করলে স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু চিকিৎসক ধমকের সুরে আমাদের অপেক্ষা করতে বলেন। আরও পরে চিকিৎসক মোদ্দাচ্ছির বলেন, ‘রোগীর অবস্থা ভাল নয়। তাকে দ্রুত ঢাকায় নিয়ে যান।’ তখন আমাদের সন্দেহ হলে জোর করে অপারেশন থিয়েটারে ঢুকে রোগীকে মৃত দেখতে পাই।”

এ সময় উত্তেজনা দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যায় বলে তিনি জানান।

ওসি আবদুল আউয়াল বলেন,  “স্বজনদের উত্তেজনার মধ্যে পুলিশ এলে চিকিৎসক, নার্স, আয়াসহ হাসপাতালের সবাই পালিয়ে যায়। পরে রোগীদের অন্য হাসপাতালে পাঠানো হয়।”

শুক্রবার বেলা ১টা পর্যন্ত হাসপাতালটি বন্ধ রয়েছে।

ঘটনা তদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি।