২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা আন্দোলন: শিক্ষার্থীদের ‘নিপীড়নে’ রাবি শিক্ষকদের উদ্বেগ

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেপ্তারসহ পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষক।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 10:49 PM

Updated : 08 Apr 2022, 06:39 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রকলা ভবনে ‘নিপীড়নের বিরুদ্ধে শিক্ষকবৃন্দ’ এ ব্যানারে সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন তারা।

সম্মেলনে লিখিত বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আ-আল মামুন বলেন, “কোটা সংস্কার আন্দোলন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত পরিস্থিতি আমাদেরকে শঙ্কিত করে তুলেছে। এই পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাধীন মত প্রকাশ, আত্মমর্যাদা এবং নিরাপত্তা আরও সঙ্কুচিত করে তুলেছে বলে আমরা মনে করি।”

নিজেদের স্বার্থসংশ্লিষ্ট দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম করতেই পারে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, “কিন্তু কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাম্প্রতিক কিছু ঘটনা আমাদেরকে উদ্বিগ্ন করেছে। আন্দোলনকারীদের জমায়েতে পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে।

“এসব ঘটনায় শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার ও নিরাপত্তাবিধানে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের গভীর মৌনতা আমাদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।”

এছাড়া ঢাকায় শিক্ষক ও অভিভাবকদের সমাবেশেও পুলিশের ভূমিকা মুক্ত জ্ঞানচর্চাকে ভয়ানকভাবে বাধাগ্রস্ত করে বলে মন্তব্য করেন তিনি। 

এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় হামলাকারীদেরকে আরও উৎসাহিত করেছে বলেও মন্তব্য করেন আ-আল মামুন।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষকবৃন্দ।

সেইসঙ্গে হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা এবং গ্রেপ্তার শিক্ষার্থীদের আইনি সহায়তা দেওয়ারও দাবি জানান তারা।

অন্য শিক্ষকরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সেলিম রেজা নিউটন, শাতিল সিরাজ,  মাহাবুবুর রহমান, কাজী মামুন হায়দার, আব্দুল্লাহীল বাকী, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক বখতিয়ার আহমেদ, ইংরেজি বিভাগের আব্দুল্লাহ আল মামুন, ফোকলোর বিভাগের মো. আমিরুল ইসলাম, ফোকলোর বিভাগের সুস্মিতা চক্রবর্তী, নাট্যকলা বিভাগের কাজী শুসমিন আফসানা, হাবিব জাকারিয়া, বাংলা বিভাগের সৌভিক রেজা এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সৈয়দ মুহাম্মদ আলী রেজা।