২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জানি না এ বছর এ বাড়িতে থাকতে পারব কিনা’

বর্ষার শুরুতেই ফরিদপুরে সদরপুর উপজেলার বিস্তীর্ণ এলাকায় পদ্মা ও আড়িয়াল খাঁ নদে ভাঙন দেখা দিয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 01:35 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

সরেজমিনে দেখা গেছে, ভাঙনের মুখে নদীপারের বহু মানুষ আতঙ্কে রয়েছেন।

উপজেলার চরনাসিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আক্কাছ আলী বলেন, তার ইউনিয়নে বাবর আলী মোল্লার কান্দি, মফিজ উদ্দিন হাজির কান্দি, নাজির মাহমুদ হাজির কান্দি, খলিফাকান্দি, জঙ্গিকান্দি, মোল্লাকান্দি এলাকা ভাঙনের মুখে পড়েছে।

চরমানাইর ইউনিয়নের আদেল উদ্দিন মোল্লার কান্দি, গিয়াস উদ্দিন ফকিরের কান্দি, হাজারি হাজির কান্দি, চরমানাইর কান্দি ভাঙনের মুখে পড়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আইয়ুব আলী।

ঢেউখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ওমর ফারুক বেপারী বলেন, তার ইউনিয়নের চরবলাশিয়া গ্রামে ভাঙন দেখা দিয়েছে। এ এলাকার মানুষ তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে।

ওই গ্রামের ৩৫ বছর বয়সী সোহানা বেগম বলেন, “প্রতিবছরের মত এ বছরও ভাঙন দেখা দিয়েছে। জানি না ভিটেমাটি নিয়ে এ বছর এ বাড়িতে থাকতে পারব কিনা। ভয় হচ্ছে বর্ষার শুরুতেই ভাঙন শুরু হওয়ায়।”

সদরপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের রহমান রাশেদ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।