২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় মা, ভাই ও খালাকে কুপিয়ে হত্যা

পাবনার বেড়ায় এক যুবক তার মা, ছোট ভাই ও খালাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2018, 09:27 AM

Updated : 11 Oct 2022, 12:28 PM

পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান, বুধবার ভোরে বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

তিনি বলেন, যার বিরুদ্ধে অভিযোগ, তুহিন নামের ২২ বছর বয়সী সেই যুবক ঘটনার পর থেকে পলাতক।

নিহতরা হলেন- তুহিনের মা বুলি খাতুন (৪৮), ছোট ভাই তুষার (১০) এবং খালা মরিয়ম খাতুন (৫০)।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বুধবার ভোর রাতে একটি ধারালো চাপাতি দিয়ে তুহিন বাড়িতে ঘুমিয়ে থাকা মা, ছোট ভাই তুষার ও খালাকে কুপিয়ে হত্যা করে।

“এ সময় চিৎকারে পাশের ঘর থেকে তুহিনের স্ত্রী ও প্রতিবেশীরা ছুটে এলে তুহিন পালিয়ে যায়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান পুলিশ কর্মকর্তা আশিস।

তিনি বলেন, “তুহিন মানসিক ভারসাম্যহীন বলে তার স্ত্রী রুনা আকতার দাবি করলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”

তুহিনের স্ত্রী রুনা টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি তাদের বিয়ে হয়েছে। যা ঘটেছে তাতে তিনি খুব ভয় পেয়েছেন।

“মাস দুয়েক আগে তুহিন টাইফয়েড থেকে ভাল হয়েছে। তারপর গত মাসে নিজের আর আমার চুল কেটে ন্যাড়া করে দেয়। সে আসলে কেন কিসের জন্যে এমনটি করেছে আমি নিজেও বুঝতে পারছি না।”

পরিবারের বরাত দিয়ে বেড়া থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, তুহিনের বাবা মিঠু শেখের বাড়ি নাটোর জেলায়, তিনি চাকরি করেন ঢাকায়। তবে তার পরিবার দীর্ঘদিন ধরে পাবনার বেড়ায় শ্বশুর বাড়িতেই থাকে।

ওসি বলেন, তুহিনকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় বেড়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।