২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ভ্যান চালক হত্যা, গ্রেপ্তার ৫

‘জুলা খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে’ সাভারে এক ভ্যান চালককে হত্যায় জড়িত অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার কারেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2018, 06:04 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

রোববার রাতে একজনকে এবং মঙ্গলবার ভোরে অপর চারজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন মো. সগির হোসেন, আবুল কালাম, সোহান হাওলাদার, আনিস হোসেন ও মো. লাবু। তারা সবাই আশুলিয়ার কুরগাঁওয়ের বস্তিতে বসবাস করেন।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ওসি এএফএম সায়েদ জানান, গত ৭ জুন রাতে জাতীয় স্মৃতিসৌধের পিছনে একটি খোলা জায়গায় জুয়া খেলছিল নয়ন মিয়াসহ কয়েকজন। এ সময় নয়ন মিয়ার সঙ্গে সগির হোসেনের দ্বন্দ্ব হলে নয়ন মিয়া এক পর্যায়ে সগিরের মানিব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

“পরে তারা নয়নকে ধরে ইট দিয়ে আঘাত করে হত্যার পর লাশটি ফেলে পালিয়ে যায়।”

পরদিন জাতীয় স্মৃতিসৌধের সীমানা প্রাচীরের মূলস্থম্ভ থেকে প্রায় এক কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিম কর্নারে কচুক্ষেতে নয়ন মিয়ার ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায় বলে জানান তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী পলি আক্তার বাদী হয়ে ওইদিনই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

তিনি জানান, রোববার গভীর রাতে ঘটনার হোতা সগিরকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে মঙ্গলবার ভোরে আশুলিয়ার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা সবাই সাভার আশুলিয়ার বিভিন্ন ছিনতাই চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন ওসি সায়েদ।