৫ ঘণ্টা পর গাজীপুরের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে ফোম কারখানার আগুন প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে গিয়ে এক নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন।
আগুনে ৬০-৭০ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে মালিকের ধারণা।
মঙ্গলবার ভোর ৫টার দিকে টঙ্গীর বড়বাড়ি জয়বাংলা রোড এলাকায় বানজিং বাংলাদেশ নামের ওই কারখানায় আগুন লাগে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
টিনশেড ওই কারখানা ও সংলগ্ন গুদামে প্রচুর ফোম ও সিনথেটিক কাপড়ের মজুদ থাকায় আগুন নেভাতে সময় লাগে বলে তিনি জানান।
তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানতে পারেননি ফায়ার সার্ভিস কর্তাকতা।
আগুন নেভাতে গিয়ে এক নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন জানিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকির বলেন, জামান নামে আহত ওই কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আগুনে ক্ষতির পরিমাণ সম্পর্কে কারখানার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল আলম চৌধুরী বলেন, “৬০ থেকে ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”
