২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে আবারও হামলার শিকার কোটা আন্দোলনকারীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে আবারও মারধর করা হয়েছে কোটা সংস্কারের আন্দোলনকারীদের।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 07:10 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

সোমবার বেলা সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনায় একজন আহত হয়েছেন।

এ ঘটনার জন্য আন্দোলনকারীরা ছাত্রলীগকে দায়ী করলে সংগঠনটির পক্ষ থেকে আন্দোলনকারী নয় শিবির প্রতিহত করেছে বলে দাবি করা হয়েছে।

আহত তরিকুল ইসলাম তারেক বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আন্দোলকারীরা জানান, বেলা সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে পতাকা মিছিল বের করে তারা। বিনোদপুর বাজারের দিক থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের দিকে আসার সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের ধাওয়া করেন।

পতাকা কেড়ে নিয়ে ছাত্রলীগের ৩০-৩৫ জন নেতাকর্মী রড, লাঠি, হাতুড়ি ও ছুরি দিয়ে হামলা করে অভিযোগ তাদের।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। এসময় ছাত্রলীগ আমাদের ওপর অস্ত্র নিয়ে হামলা চালায়।

“এতে আমাদের চারজন আহত হয়েছে। তাদের মধ্যে তারেক নামের একজনের অবস্থা আশঙ্কাজনক।”

হামলা বিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরা কোটা সংস্কারকারী নয়, এরা শিবির। এরা দেশের ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার জন্য কাজ করছে।

“আমরা তাদেরকে প্রতিহত করতেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়েছি।”

মারধরের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, “তারা আমাদের দিকে এগিয়ে এলে আমরা প্রতিহত করেছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান বলেন, “ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়েছিল। কিন্তু কথিত কোটা আন্দোলনকারীরা বিনোদপুর হয়ে লাঠিসোঠা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

“এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।”

এর আগেও রোববার কোটা আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে হামলা ও মারধরের ঘটনা ঘটে।