পানি বাড়ছে তিস্তায়
ভারি বর্ষণ ও উজানের ঢলে নীলফামারীতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে।
রোববার বেলা ৩টার দিকে নীলফামারীর ডালিয়ায় পয়েন্টে নদীর পানি বিপদসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
পানি উন্নয়ন বোর্ড বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে নীলফামারীর ডালিয়া হাইড্রোলজি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, রোববার সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার এবং বিকাল ৩টায় ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
এদিকে পানি বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি, জলঢাকা উপজেলার, গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের প্রায় ১৫টি চর গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন জানান, শনিবার রাত থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। রোববার দুপুর পর্যন্ত ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কিছু ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল আলম চৌধুরী বলেন, ভারত থেকে আসা ঢলে রোববার সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পেলেও বিকাল পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের সব (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানান তিনি।
