২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে মানববন্ধনে গিয়ে মারধরের শিকার কোটার আন্দোলনকারীরা

ঢাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2018, 02:29 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনের প্রস্তুতির মধ্যে এ হামলার জন্য আন্দেলন কারীরা ছাত্রলীগকে দায়ী করলেও সরকার সমর্থক ছাত্র সংগঠনটি তা অস্বীকার করছে।

কোটা সংস্কার আন্দোলনকারীরা বলছেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় ৪০-৫০ জন ছাত্রলীগ নেতাকর্মী সেখানে উপস্থিত হন। তারা ধাওয়া দিলে আন্দোলনকারীরা গ্রন্থাগারের ভেতরে ঢুকে পড়েন।

গ্রন্থাগার চত্বরের সামনে কয়েকজনকে ধাওয়া দিয়ে চড়-থাপ্পড় মারা হয় এ সময়। আন্দোলনকারীরা বেলা ১১টার দিকে আবার মানববন্ধনের জন্য জড়ো হওয়ার চেষ্টা করলে ফের তাদের ধাওয়া দেওয়া হয়।

‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক রাশেদুল ইসলাম মুবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে আমাদের ধাওয়া করা হয়। আমাদের পাঁচ-ছয়জন আন্দোলনকারী তাদের মারধরের শিকার হয়েছেন।

আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মুবিন।

তবে মারধরের কথা অস্বীকার করে গোলাম কিবরিয়া বলেন, “আমরা ক্যাম্পাসে ‘অস্থিতিশীল পরিস্থিতি’ সৃষ্টিকারীদের প্রতিহত করার চেষ্টা করেছি।”

তিনি বলেন, “সামনে নির্বাচনকে কেন্দ্র করে কিছু মহল এটাকে কাজে লাগাচ্ছে এবং এখানে জামায়াত-বিএনপির অনুপ্রবেশকারীরা ঢুকেছে। ফলে এটা আর সেই আন্দোলন নেই।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, “কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগ দুই পক্ষের সঙ্গেই আমরা কথা বলেছি। ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করতে গিয়ে পিটুনির শিকার হন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক হাসান আল মামুন ও যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূর। ওই ঘটনার জন্যও তারা ছাত্রলীগকে দায়ী করেছেন।

ওই হামলার প্রতিবাদেই রোববার রাজশাহীতে মানববন্ধন করার কর্মসূচি দিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।