সাজাভোগ শেষে দেশে ফিরেছে ১২ বাংলাদেশি
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে দেড় বছরের সাজাভোগ শেষে এক শিশু ও নারীসহ ১২ বাংলাদেশি দেশে ফিরেছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার রাতে বেনাপোল সীমান্তে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বলে পুলিশ জানিয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি তরিকুল ইসলাম জানান, ফেরত আসাদের মধ্যে মধ্যে তিন নারী ও আট পুরুষ নৌ-শ্রমিক রয়েছেন। তাদের বাড়ি ফরিদপুর, নড়াইল, বাগেরহাট,নোয়াখালী ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায়।
এর মধ্যে শিশুটির বয়স দুই বছর এবং বাকিদের ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় দালালরা তাদের ভারতে পাচার করে।কাজের সন্ধানে মেদিনিপুর শহরে ঘোরাঘুরির সময় পুলিশ তাদের আটক করে।
পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের দেড় বছর কারাদণ্ড দেয় । সাজা শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তারা দেশে ফেরে ফিরেছেন বলে এ পুলিশ কমৃকর্তা জানান।
