জাতীয় বিশ্ববিদ্যালয়ে মডেল কলেজ প্রকল্প
কলেজ শিক্ষার উন্নয়নে দেশের কিছু বেসরকারি কলেজকে মডেল কলেজে উন্নীত করার কথা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ।
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয় সিনেটের ২০তম অধিবেশনে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার উন্নয়নে সারাদেশে নির্বাচিত কিছুসংখ্যক বেসরকারি কলেজকে মডেল কলেজে উন্নীত করার কর্মসূচি গ্রহণ করেছে।
এ প্রকল্পে প্রথম পর্যায়ে ১৫টি কলেজকে তালিকাভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এ তালিকা আরও সম্প্রসারিত হবে বলে জানান তিনি।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সিনেট কক্ষে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতি ছিলেন উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান হারুন-অর-রশিদ।
অধিবেশনে কোষাধ্যক্ষ নোমান উর রশীদ ২০১৮-২০১৯ অর্থবছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ৫০৭ কোটি ২২ লাখ ৭৮ হাজার টাকার বাজেট পেশ করেন এবং তা সিনেটে গৃহীত হয়।
অধিবেশনে উপাচার্যের অভিভাষণের উপর আলোকপাত করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য বেগম হেপী বড়াল, অধ্যাপক এম. আব্দুস সোবহান, এটর্নি জেনারেল মাহবুবে আলম, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক খন্দকার বজলুল হক, শিক্ষা সচিব সোহরাব হোসাইন, অধ্যাপক মীজানুর রহমান, অধ্যাপক সাদেকা হালিম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, সিলেট বিভাগীয় কমিশনার মোছাম্মৎ নাজমুনারা খানুম, অধ্যাপক মুনাজ আহমেদ নূর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান প্রমুখ।
