কুমিল্লায় দুই শিশুসহ ৮ রোহিঙ্গা আটক
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই শিশুসহ আট রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান কবির জানান, ভারত সীমান্তবর্তী আশাবাড়ী এলাকায় বৃহস্পতিবার তাদের আটক করা হয়। শুক্রবার তাদেরকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।
আটকরা হলেন মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম, জিয়া রহমান, হোসেন আহাম্মদ, সুয়া বিবি, রহমত উল্লাহ, মাহমুদা খাতুন, তার দুই শিশু সন্তান মেয়ে জিনুয়ারা ও ছেলে আজিজুর রহমান।
ওসি শাহজাহান কবির ১০ বিজিবির বরাত দিয়ে জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির হাবিলদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল বৃহস্পতিবার বিকালে ভারত সীমান্তের ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আশাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
“বিজিবির জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা এক বছর আগে মিয়ানমার থেকে ভারতের আসামে পাড়ি জমিয়েছিলেন। পরে আসাম থেকে ত্রিপুরা বর্ডার হয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।”
ওসি জানান, বৃহস্পতিবার রাতে বিজিবি তাদেরকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। শুক্রবার তাদেরকে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।
