২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোড়া ট্রাকের ক্ষতিপূরণ দাবিতে আমদানি-রপ্তানি বন্ধ করেছে পেট্রাপোল

বেনাপোল বন্দরে পুড়ে যাওয়া ভারতীয় ট্রাকের ক্ষতিপূরণসহ বন্দর অভ্যন্তরের বিভিন্ন সমস্যা সমাধানে পাঁচ দফা দাবিতে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে পেট্রাপোল বন্দরের ইমপোর্ট-এক্সপোর্ট মেইনটেন্যান্স কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2018, 09:59 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, পাঁচ দফা দাবি দিয়ে গত ২০ জুন এক চিঠি দিয়ে ২৫ জুনের মধ্যে দাবি মেনে নেওয়া কথা জানানো হয়। দাবি না মানা হলে ২৬ জুন থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার কথাও জানানো হয়েছিল।

“কিন্তু তারা সমাধান না দেওয়ায় বাধ্য হয়েই আমরা সীমান্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছি।”

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, “ধর্মঘটের চিঠি পাওয়ার পর সন্তোষজনক একটি সমাধানের জন্য আমরাও চিঠি দিয়ে মঙ্গলবার বিকালে বৈঠক করার কথা বলেছিলাম।

“কিন্তু তারা সেই সুযোগ না দিয়েই আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে। এখন এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।”

তবে সমাধানের জন্য ডাকা হলে তারা যাবেন বলে জানান তিনি।

ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে সমাবেশ করে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সীমান্ত বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কার্তিক চক্রবর্তী।

দাবিগুলো হচ্ছে, গত ৩ জুন বেনাপোল বন্দরে অগ্নিকাণ্ডে যে সাতটি ভারতীয় পণ্যবাহী ট্রাক পুড়ে যায় তার ক্ষতিপূরণসহ ট্রাক ফেরত, ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে খালি করে পুনরায় ফেরত, বেনাপোল বন্দরে অবস্থানের সময় ভারতীয় ট্রাক থেকে পণ্য চুরি হলে তার দায়সহ বন্দরে পার্কিং ও পণ্য গুদামে সিসি ক্যামেরা এবং চালকের জন্য শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করা।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। পেট্রাপোল বন্দরে তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও তারা সেটা না করে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে।