২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে গৃহবধূর লাশ উদ্ধার

শরীয়তপুরের নড়িয়ায় নির্মাণাধীন একটি বাড়ির পেছন থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে; যাকে স্বামী ছাদ থেকে ফেলে হত্যা করেছে ধারণা পুলিশের।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2018, 06:37 PM

Updated : 08 Apr 2022, 06:36 PM

নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান, সোমবার গভীর রাতে চাকধ গ্রামের আলী মোড়লের নির্মাণাধীন বাড়ির পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইভা আক্তার (২০) ওই গ্রামের দেলোয়ার ছৈয়ালের স্ত্রী।

ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক রয়েছেন। এরআগে পারিবারিক কলহের জেরে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বড় ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে জখম করে দেলোয়ার। এ ঘটনায় দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি।

ওসি জানান, উপজেলার চন্ডিপুর গ্রামের মন্নান শেখের মেয়ে ইভা আক্তার ছোট সময় থেকেই চাকধ এলাকার নানি মনোয়ারা বেগমের কাছে থাকত। প্রেমের সম্পর্কের জেরে প্রায় দুই মাস আগে দেলোয়ারের সঙ্গে তার বিয়ে হয়। সোমবার বিকালে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে ফোন করে ইভাকে নিজের বাড়িতে ডেকে নেয় দেলোয়ার।

“ওই রাত সাড়ে ৯টার দিকে পাশের মো. আলী মোড়লের নির্মাণাধীন বাড়িতে বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে ভবনের পেছনে রক্ত পড়ে থাকতে দেখে তার চিহ্ন ধরে ডাস্টবিনের লাশ দেখতে পায়।”

স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে ইভার নানি মনোয়ারা লাশ শনাক্ত করেন বলে জানান তিনি।

পারিবারিক কলহের জেরে দেলোয়ার স্ত্রীকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।