মেঘনায় বাল্কহেড ডুবি: নিখোঁজ একজনের লাশ উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে পাথর বোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ওযালী উলাহ জানান, মঙ্গলবার দুপুরে ওই বাল্কহেডের ভেতর থেকে ডুবুরিরা রিপন শেখের (২০) লাশ তুলে আনেন।
রিপন ফরিদপুর জেলার বোয়ালমারী থানার দুর্গাপুর গ্রামের সোলেমান শেখের ছেলে।
সোমবার বিকালে শহরের বড়স্টেশন এলাকায় মেঘনা নদীতে ঢাকা থেকে খুলনাগামী পাথর বোঝাই ‘এমভি দুলাল’ নামের একটি বাল্কহেডের সঙ্গে ঢাকাগামী ‘এমভি দুলাল হাজী সালাম পোড়ামানিক-১’ বাল্কহেডের সংঘর্ষ হয়।
এ সময় এমভি দুলাল ডুবে যায়। বাল্কহেডে থাকা অন্যান্য শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে পারলেও রিপনের কোনো হদিস মিলছিল না বলে ওসি ওয়ালী উলাহ জানান।
এমভি হাজী সালাম পোড়ামানিক-১ বাল্কহেডটি আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
