২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস চালকের সহকারী নিহত

সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চালকের সহকারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও অন্তত দশ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2018, 12:54 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ভদ্রঘাট বাজার এলাকার সিরাজগঞ্জ-নলকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হামিদ জানান।

তিনি বলেন, রয়েল ডাচ পরিবহনের একটি বাস সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। পথে চালাক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

“এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারীর মৃত্যু হয়।”  

কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ পারভেজ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে  পুলিশ গিয়ে হতাহতের উদ্ধার করে। বাসটি রাস্তায় পড়ে থাকায় সিরাজগঞ্জ-নলকা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে নিতে কাজ শুরু হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।