বেনাপোল স্থলবন্দরে আগুনে পুড়ল ২ ভারতীয় ট্রাক
বেনাপোল স্থলবন্দরে আগুন লেগে ভারত থেকে আমদানি করা কেমিক্যাল পণ্যবোঝাই দুটি ট্রাক পুড়ে গেছে।
বেনাপোল সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ তৌহিদুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আগুন লাগার পরপরই স্থানীয়রা নিজেদের চেষ্টায় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু পরে তা ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় বলে জানান এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।
তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
বেনাপোল বন্দর কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদার বলেন, বন্দরের বাইপাস সড়কে বড়আচড়া ডিজিটাল স্ক্যানার মেশিনের কাছে ভারত থেকে আমদানি করা কেমিক্যাল বোঝাই দুটি ট্রাক পাশাপাশি দাঁড় কারানো ছিল; সেগুলো ভারতীয় ট্রাক টার্মিনালে প্রবেশের অপেক্ষায় ছিল।
হঠাৎ আগুন লেগে দুটি ট্রাক ও মালামাল পুড়ে যায় বলে জানান মনির।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না ।
