ফরিদপুরে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫
ফরিদপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদপুরের পুলিশ সুপার মো.জাকির হোসেন খান জানান, শনিবার দুপুর থেকে রোববার বেলা ১২টা পর্যন্ত জেলার নয়টি উপজেলায় এ অভিযান চালানো হয়।
আটককৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ছয় মাদক মামলার আসামি, পাঁচজন মাদক সেবনকারী, নিয়মিত মামলার এক আসামি ও গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৩৩ আসামি রয়েছে। এছাড়া অভিযানে ১৯৬টি ইয়াবা এবং দেড়শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মাদক বিরোধী অভিযান ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।
