২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের সড়কে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ আটক ৫

সিরাজগঞ্জের সড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ট্রাকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2018, 02:54 PM

Updated : 11 Oct 2022, 12:26 PM

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা বেলতলা এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

আটককৃতরা হলেন - পাবনার ফরিদুপর উপজেলার শিববাড়ি মেছরাপাড়ার রহমত মোল্লার ছেলে রোকন আহম্মেদ (২৮), বগুড়ার শেরপুর উপজেলার আমিনপুর নতুন কলোনির ছেরু আকন্দের ছেলে নবাব আলী (৪০), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পোতলাদিগর গ্রামের মহির উদ্দিনের ছেলে শাহেদ আলী (৪০), একই উপজেলার বিলদাশাইল গ্রামের আবুল হোসেনের ছেলে মুকুল হোসেন (৩৫) ও বেতুয়াদিগর গ্রামের মজিবুর শেখের ছেলে নুরুন নবী (২০)।

তারা সবাই আন্তঃজেলা ডাকাতদলের সদস্য বলে পুলিশের ভাষ্য।

ওসি জিলানী বলেন, “মহাসড়কে ডাকাতির খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটকের পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও অন্যান্য সরংঞ্জাম উদ্ধার করা হয়েছে।

“আসামিদের মধ্যে রোকন দুই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি; এছাড়া তার বিরুদ্ধে আরও সাতটি মামলায় বিচার চলছে। আর নবাব আলীর বিরুদ্ধে দুটি, শাহেদ আলীর বিরুদ্ধে দুটি, মুকুল হোসেনের বিরুদ্ধে একটি ও নুরুন নবীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।”

তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় আরও একটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।