২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে কুপিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2018, 08:31 PM

Updated : 19 Aug 2022, 02:11 PM

এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে।

শ্রীপুর-রাজাবাড়ি সড়কে রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটেন বলে পুলিশ জানিয়েছে।

আহত আরফান হোসেন (৩২) বিন্দুবাড়ি গ্রামের হাসান আলীর ছেলে। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

গ্রেপ্তাররা হলেন শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের কামাল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন দেলু (২৫), ঈমান আলীর ছেলে জাহিদ হাসান জুলহাস (২১) এবং গাড়ারণ গ্রামের রফিজ উদ্দিন ছেলে নাজিম উদ্দিন (৪০)।

শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শ্রীপুর থানার এসআই শহীদুল হক মোল্লা আহতের বরাত দিয়ে জানান, আরফান আলীর শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে একটি মোবাইল ব্যাংকিং ও মোবাইল রিচার্জের ব্যবসা প্রতিষ্ঠান আছে।

এসআই শহীদুল বলেন, রাত সাড়ে ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তার গতিরোধ করে।

“পরে তার কাছে থাকা মোবাইল ব্যাংকিং ও রিচার্জের টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাকে কুপিয়ে তার সঙ্গে থাকা চার লক্ষাধিক টাকা নিয়ে যায় তারা।”

পরে পথচারীরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে শহীদুল জানান।

এসআই শহীদুল আরও বলেন, এ ঘটনায় জড়ি সন্দেহে শ্রীপুর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দেলু, নাজিম ও জুলহাসকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দেলু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

“পুলিশ অভিযানকালে দেলুর কাছ থেকে ১২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। গ্রেপ্তররা ওই ঘটনায় জড়িত অন্যদের নাম বলেছে। তাদের সঙ্গে আরও তিনজন জড়িত ছিল বলে স্বীকার করেছে।”

তবে লুণ্ঠিত টাকা উদ্ধার ও অন্যদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় শুক্রবার শ্রীপুর থানায় আরফান বাদী হয়ে মামলা করেছেন বলে এসআই শহীদুল জানান।