২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়

দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের চাপ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2018, 02:13 PM

Updated : 08 Apr 2022, 06:32 PM

শুক্রবার দুপুরে শিমুলিয়া ঘাটে তিন শতাধিক গাড়িকে পারাপারে অপেক্ষায় থাকতে দেখা গেছে; তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।   

মাওয়া বিআইডব্লিউটিসির মেরিন অফিসার আহমেদ আলী বলেন, “শিমুলিয়া ফেরিঘাট দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে; ফেরিতে গাড়ি ওঠানামা করতেও কোনো সমস্যা হচ্ছেনা।”

চারটি ঘাট দিয়ে ২০টি ফেরিতে করে গাড়ি পারাপার কারানো হচ্ছে। ফেরিগুলো পদ্মা পাড়ি দিতে এক থেকে দেড় ঘন্টা সময় নিচ্ছে বলে জানান তিনি।  

এ দিকে সকালে ফেরিঘাটে একসাথে অনেক ছোট গাড়ি আসায় চাপ বেশি ছিল বলে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান।

তিনি বলেন, “ভোর সকাল থেকে এক হাজারের বেশি গাড়ি পার হয়েছে। এখন ঘাট এলাকায় তিন শতাধিক বড় বাস ও ছোট গাড়ি পারাপারের অপেক্ষায় আছে।”

তবে গাড়ির চাপ এখন কিছুটা কম বলে গিয়াস জানান। 
 

এছাড়া শিমুলিয়া-কাওড়াকান্দি ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সময় বাঁচাতে অনেকে স্পিডবোটে করে গন্তব্যে রওনা হন।

গিয়াস উদ্দিন বলেন, যাত্রীদের নিরাপত্তায় ঘাটে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি ছয় শতাধিক পুলিশ সদস্যসহ র‌্যাব, আনসার, ডিবি পুলিশ, কোস্টগার্ড, স্কাউট দলসহ ও নৌ পুলিশ কাজ করছে।

এছাড়া তিনটি ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক ঘাটে থাকছে বলে জানান তিনি।