সাবেক মন্ত্রীর বাড়িতে জাকাতের কাপড় নিতে গিয়ে বৃদ্ধার মৃত্যু
সিরাজগঞ্জের বেলকুচিতে সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের বাড়িতে জাকাতের কাপড় নিতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
ঈদের আগের দিন শুক্রবার সকালে সাবেক মন্ত্রী কামারপাড়ার বাড়িতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে হিট স্ট্রোকে ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে বেলকুচি থানার ওসি আব্দুর রাজ্জাকের ধারণা।
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী লতিফ বিশ্বাস বর্তমানে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান। তিনি জেলা আওয়ামী লীগেরও সভাপতি।
মৃত ছবি রাণী দাস (৭০) উপজেলার মঙ্গল চন্দ্র দাসের স্ত্রী।
ওসি রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবেক মন্ত্রী সকাল থেকে বাড়িতে প্রায় ১৭ হাজার মানুষকে জাকাতের কাপড় দেওয়া শুরু হয়।
“বাড়ির মধ্যে জায়গাও কম। প্রচণ্ড রোদ ও প্রচুর লোকসমাগমের মধ্যে লাইনে অপেক্ষা করার এক পর্যায়ে সকাল ১০টার দিকে আনুমানিক ৭০ বছর বয়সী ওই নারী হিট স্ট্রোকে ঘটনাস্থলেই মারা যান।”
ছবি রাণীর মৃত্যুর বিষয়ে কোনো চিকিৎসকের ভাষ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ওসি বলেন, গরমে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার মধ্যে আরেক বৃদ্ধাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর সার্কেল এএসপির রেজা সারোয়ারের নেতৃত্বে বেলকুচি ও এনায়েতপুর থানার পুলিশ সেখানে যান বলে জানান ওসি।
