শরীয়তপুরে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতা’ নিহত
সারা দেশে মাদকবিরোধী অভিযানের মধ্যে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে; যাকে মাদক বিক্রেতা বলছে পুলিশ।
উপজেলার নাগেরপাড়া ভদ্রচাপ সেতুর ঢালের পাটক্ষেতে বৃহস্পতিবার গভীর রাতে এ গোলাগুলি ঘটনা ঘটে বলে গোসাইরহাট থানার ওসি মেহেদী মাসুদ জানান।
নিহত রুহুল আমিন ওই এলাকার বাঘার চরভদ্রচাপ গ্রামের মোসলেম বাঘার ছেলে। আমিন তালিকাভুক্ত মাদক বিক্রেতা এবং তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে বলে দাবি করছে পুলিশ।
অন্যদিকে রুহুল আমিনের পরিবারের দাবি, তাকে ধরে নিয়ে হত্যা করেছে পুলিশ।
গত এক মাসে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানে নিহতের ঘটনাগুলো নিয়ে মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তুলে আসছে। তারা বলছে, আইনশৃঙ্খলা বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে।
ওসি মেহেদী বলেন, “নাগেরপাড়া মুন্সিরহাট এলাকা দিয়ে মাদক বিক্রেতারা মাদকের একটি বড় চালান নিয়ে যাচ্ছে খবরে গোসাইরহাট থানা পুলিশ ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়।এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।”
নিহত রুহুল আমিনের পরিবারের আহাজারি; তাদের দাবি, ধরে নিয়ে হত্যা করা হয়েছে তাদের স্বজনকে
এদিকে রুহুলের বড়ভাই নুর মোহাম্মদ বাঘার অভিযোগ, স্থানীয় এক ব্যক্তির ‘ষড়যন্ত্রে’ বৃহস্পতিবার বিকালে পুলিশ তার ভাইকে ইদিলপুর নতুন বাজার এলাকা থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে।
তবে ওসি মেহেদী মাসুদ এ অভিযোগ অস্বীকার করেছেন।
গোলাগুলির সময় দুই পুলিশ সদস্য আহত হয় জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে নয়টি হাতবোমা, ২৮৩ টি ইয়াবা, দেড় কেজি গাঁজা, একটি দেশীয় ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দুটি ছোরা একটি রামদা উদ্ধার করা হয়েছে।
